শনিবার, ২৪ মার্চ, ২০১২

আমরা যারা প্রতিপদার্থ, শূণ্যতার পাহাড়

যে তীরগুলো ছুটে গেছে পৃথিবীর দিকে, স্বেচ্ছায় তীরন্দাজহীন
ওদের সাথে বাঁধা আমরা যারা দগ্ধ শরীর, আছি
আমাদের রচনামূলক কাম সারবেঁধে বেঁকে যায়
সর্পিল শিরায়, ভেলভেট সত্ত্বায় ম্রিয়মাণ
আমাদের মধ্যবর্তী প্রবহমান

আমরা যারা দগ্ধ শরীর
আমরা যারা সিলাকিত শরীর
লেগে আছি ট্যানারীর বিপর্যস্ত জগতে
আমাদের ঘাম-থুথু-লালার দ্রবণে ফরাসি সুগন্ধি
অদ্ভুত অহংকারে প্রতিদ্বন্দ্বী

খেলা শেষ হতে দাও
মাঝে এসে গেঁথে পড়ো বর্শার কাঠামো
স্থিতিস্থাপকতায় বিলীন হতে হতে
প্রজ্বলিত নিশানা

আমরা যারা দ্যুতিময় শরীর
নরকের গভীর থেকে পথকে অস্তিত্ব দিই
সীমানা দেখাই অন্ধকার থেকে অধিক অন্ধকারে
আমরা এলোমেলো শ্যাওলার মতো জড়িয়ে যাচ্ছি গিঁটে
বেড়ে উঠছি সমাবেশে, বিদ্রোহে, বিশৃঙ্খলায়
আমরা যারা প্রতিপদার্থ, শূণ্যতার পাহাড়
বহুবিধ রঙে বিরক্তির দানব, পিচ্ছিল পিঠ
নর্দমাক্ত বসতি উল্টে আছে আমাদের ভেতর

আমরা যারা বন্দীত্ব মেনেছি দুপুরের পর
প্রবলতম ভূমিকম্পের আগমুহূর্তে
আমরা যারা কেউ না
আমরা যারা কিছু নই
এলোমেলো দুঃস্বপ্নের জট ।

রোদ নিভে গেছে পৃথিবীকে সঙ্গে নিয়ে
গলন্ত কালোর মাঝে ফুটে উঠছে কিছু শরীর
সময় থেমে গেছে গতকাল
বৃক্ষ বিলুপ্ত-ঘোষিত হবে আনুষ্ঠানিক ভাবে
বৃহত্তম শিলার দেহ খুঁড়ে শুদ্ধতম ইতিহাস
শুয়ে আছে পাশ ফিরে
অনবদ্য প্রাচূর্যে সুখকে আটকানো গেছে বহুমূল্য সিলিণ্ডারে
দুঃখকে পাওয়া যাচ্ছেনা কোথাও - কোথাও ।।

২.২.১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন