রবিবার, ১৪ নভেম্বর, ২০১০

চূড়ান্ত পাঠ


জগদ্দল ধূপ,
পুজো পোড়ে বুকের তলায়,
লিখতে বা পড়তে পারছিলামনা
আর গাড়ি - বাস পাশ ঘেঁষে অনাবাদী সড়কদ্বীপ
মাথা উঁচিয়ে বিলবোর্ড তখন খুব দূরে
আমায় কানে ধরে বুঝিয়ে দিল দুঃখ, আর
পেন্সিলে লিখল সরকারী সুখ
অভ্যাসে তাকাই মৃত মুখে, রূক্ষ আর অতিরিক্ত রঙিন -
ওরা বলে থাকে একে অন্যকে সহবাসে একা একা
বিভিন্ন দরকারী সব কথা, আর
বুক চিরে দেখিয়ে দিল রক্ত,
না না, খাতায় যায় নি লেখা কোনদিন,


কতটা বিকার হলে চর্তুদিকে কেবল না, শুনতে, হাঁটতে, আর
গলতে গলতে রোদের কাছে কাকে যেন কী একটা দেখাতে চাই,
দেখিয়ে দিই ডিকশনারির পৃষ্ঠা ছেঁড়া, শিখিয়ে দিল প্রেম
যে আমি ছিলামও না, থাকিও না, কোনদিনই,
সবাই কেবল ছায়ার মধ্যে আঁচড় কেটে যায়
অধিক বোকা খুবলে খায় বৃষ্টি পুড়তে পুড়তে, আর
রোদ ভিজতে ভিজতে শিখে ফেলি স-ব ঠিকঠাক ।।

_______________ _
২২ | ১০ | ২০১০

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০১০

যদি ভাবো একই ভুল




কেমন হবে যদি রাত আমার হয়ে গল্প লেখে
জানলা দিয়ে দেখো বহু দূরের কোনো চাঁদ
মেঘের ভেতর সেই গল্প দ্যাখে, দ্যাখে
দ্যাখো যদি একই রাত আঁধার প'রে ডুবতে বসে
স্মৃতির পাঁজর খুলে হাতড়ে খুঁজো সেই হাত
ঝাপসা আদর এক রঙ বসেছে, বসে
যদি ভাবো একই ভুল ‍-

ভাবছে ভাবেনা যারা ভাবুক দলে চলে
টুকরো জীবন দলে চাইছে জীবন আরও
কাগজে কলমে তবু বক্তৃতা শোভা পায়
শোভা পায় শোভা পায় মানবতা ছেড়ে যায়

ঝরছে ঝরে ধুলো ঝরলনা তবু সুখ
সবুজ সবুজ তবু সবুজ পাতার ছবি
শহর শহর শুধু শহর দেখল সবই
মানুষ মানুষ সব সভ্য মানুষ

যদি ভাবো একই ভুল খাতা জুড়ে পদ্য করুক
ভুল ভেবেছ তুমি মানুষ বড়ই অদ্ভুত
জানেনা জানেনা তবু জানার ভানেই জ্বলে ধূপ ।।

শনিবার, ১৬ অক্টোবর, ২০১০

প্রকৃত বিপদ


জানেন
এই দুর্দান্ত স্কেলগুলো কি দারুণ ওজন মেপে নিচ্ছে !
এই যে উল্টোদিকের বিরক্ত মানুষগুলো
পারলে সময়ের গায়েও মেওনিস নিচ্ছেন
গাদা গাদা খবরে সকালটাকে টেনে
যদি কাদায় নামাতে না পারেন
বাসে সিট হবে না
এই নিন গাণিতিক কলা,

যতখানি ঘাম,
তার থেকে আরো বেশি আপেলের দাম
এই হল মাধ্যমিক বিপদ ;

আজ অক্টোবরের ষোল -
এবার মেয়েটা ঠিক ঠিক আঠেরোতে পা দিত
তুতুনের সত্যি ঠিকানাটা আজও দিলেননা কেউ
সত্যি সত্যিই যা-কিনা খুঁজছিলাম গতবার শীতে,
এবারও দেরি করে পেড়ে আনি মেহেন্দির লাল
আর পাঁচটাকা দরের ঢাউস আমলকির ভীড়ে
প্রতিফলক কাঁচ ঘিরে বরং খুব আছি
বয়স্ক বেগুন,

আর আমার কাঁধব্যাগে প্রচুর ভার
এ হচ্ছে প্রকৃত বিপদ ।