রীতু শোন বলি
এসব রাত কত বিচ্ছিরি
বুকের প্রচুর নীচে অর্থহীন আঁধার
ট্রাম্পেট করে
দু'হাত ভরে তুলে আনি
গমকে ওঠা কান্নার ফেনা
শোনই না রীতু
এসব রাত বড় চুপচাপ
এমন তুমুল সব ব্যথায় ঝুপ করে পড়ে
হাত-পা ছুঁড়তে থাকি আনাড়ির মতন
অন্তর্গত সংগ্রামে
বিপুল উদ্যমে
দেহের বন্দর বাঁকাতে বাঁকাতে
একবার দেখোই না রীতু
হয়ে গেছি কেমন কাঙাল
কেমন পতিত নিথর
কে বোঝাবে কাকে
এক জন্মের হিসেব তো নয়
এতবার পাশ ফিরে
পাশবালিশের ওপারে
কেবল এক অনস্তিত্বের পরিশ্রুত মায়া
দেখোই না রীতু
কতটা সাদা এই যন্ত্রণা
কতটা পাগল হবে একাকী মানুষ
কতটা পাগল হবে বিবাগী মানুষ
________________________
১৯ সেপ্টেম্বর ২০১০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন