তোমার তখন একত্রিশ
তাজা আগুনের স্বাদ নিতে নিতে চূড়ান্ত নির্বাসন,
এই ওরা পেরেছিল বারবার, যার শুরু যখন তুমি সতেরো,
খুঁজেছিলে সাধারণের স্বপ্ন আর বিপ্লব রাজনীতির ভুল পথে
অথবা যার কোন পথ নেই,
বলেছিলে গল্প, হাতিয়ার আর ক্ষুধার চিরন্তন সংঘাতের
চোখে তুলেছিলে আঙুল সেইসব বুদ্ধিজীবীদের যারা রাজনীতি করেনা,
শুধু প্রচুর সুখে আর প্রাচুর্যে হয়ে থাকে অথর্ব, অকেজো
শিখিয়েছিলে বিপ্লবের দ্যুতিময় অক্ষরগুলোকে কী করে
গাঁথতে হয়, বাসতে হয় নিজস্ব আবেগ এবং ভাষায়
আর গার্সিয়ার সেই বিধবা, সাতাত্তরের সেই বৃদ্ধা
আর তার গিলে ফেলা অপমান এবং বাসোচ্ছেদের কান্নার ফোঁটা
হি হি করা ঠান্ডার ভেতর অন্যান্য আসবাবের সঙ্গে, অবিচারের কষ্ট,
আন্তোনিও আর তার নীল পাখি, স্পার্তাকুস আর তার ভাইদের জন্য
যারা রোমক ক্রুর অত্যাচারে ক্রুশে বিদ্ধ হবার পরও
বাতাসের কানে বলে গেছে, এসপেরানসা - আশা
করেছিলে প্রাচীন প্রশ্ন, অবস্থাপন্নের কুকুর আর দরিদ্রের কপাল
ভুগোলবিহীন ভালবাসা, লবণাক্ত তারার গল্প
আর বলেছিলে নির্বাসন, যা কিনা দীর্ঘ এক এভিনিউ
একা পথ হাঁটে তুমুল বিষাদ, সঙ্গী অসহ যন্ত্রণা ;
বরফের ভেতর তোমায় দেখেছি,
কোন এক আলোকচিত্রী তুলতে চেয়েছিল তোমার চোখ
পুরু ফ্রেমের আড়ালে, ছেপে দিয়েছিল বিষাদময় সৌম্যকান্তি
আর গোটা জীবন ঝাপসা মেঘের আড়ালে
গুয়াতেমালা আর গুয়াতেমালানদের জন্যে বিপ্লব
তোমার স্বপ্ন ।।
______________________________
২১ আগস্ট ২০১০
(কৃতজ্ঞতা : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়)

[ওত্তো রেনে কাস্তিইয়ো : গুয়াতেমালান কবি, বিপ্লবী এবং নাট্যকার । ১৯৩৬ এ জন্ম, রাজনীতিতে সক্রিয় ছিলেন । সতেরো বছর বয়সে নিজ দেশ হতে দশ বছরের জন্য নির্বাসিত হন এবং এল-সালভাদর চলে যান । সেখানেই তার পড়াশোনা এবং সাহিত্যচর্চা । সেখানে কবি রক ডালটন এর সঙ্গে তার পরিচয় হয় । ওত্তো ১৯৫৬ সালে "Autonomia" পুরস্কার লাভ করেন । পরের বছর World Youth Festival - এ তিনি শ্রেষ্ঠ তরুণ কবির পুরস্কার পান ।
নির্বাসন শেষে ১৯৬৪ সালে তিনি নিজ দেশে ফেরেন এবং Teatro Experimental de la Municipalidad নামে একটি থিয়েটার প্রতিষ্ঠা করেন । ১৯৬৫ সালে গুয়াতেমালান সরকার তাকে পুনরায় নির্বাসনে পাঠায় । ১৯৬৬ সালে তিনি গুয়াতেমালায় ফিরে আসেন এবং F.A.R. (Armed Revolutionary Front) এ যোগ দেন । ১৯৬৭ সালের মার্চ মাসে ওত্তো তার গেরিলা গ্রুপ সমেত বন্দী হন । ১৯ মার্চ ১৯৬৭ তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয় ।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন