রবিবার, ২২ মে, ২০১১

আমাদের বারান্দায় আকাশ পাওয়া যায়

আমাদের বারান্দায় আকাশ পাওয়া যায়
ভালবাসার গন্ধে মাতাল, ভিজে থাকা যায় ত্রিমাত্রিক জোৎস্নায়
অবেলার অটিস্টিক বাসনায় কাত করে শরীরের গবলেট
যৌথ উঠোনে শুকায় আদরের আচার, সুখ,
কেননা স্বপ্নের জানালার গ্রীল কেটে এনেছি আলোর ফুল
দায়ভারকে পাঠালাম ছেলেমানুষীর সঙ্গে সংক্ষিপ্ত ছুটিতে;
সংসারের মায়াবী পোস্টারে কোলাজ করছে দোষ - পাপ
এরপরও এক কাপ কড়া চুমুকের আশ্বাসে লাগাতে পারি
সবক'টা যন্ত্রণার বোতাম;

পরিপক্ব সহবাসে, ভেজানো দরজাকে বলেছি আড়াল টানতে,
ভালবাসার তো আর ক্যালেন্ডারে ভয় নেই বরং জমে ওঠে পৃষ্ঠা শেষে
ঠোঁটে মাখানো ভালবাসার লহমা আবেগের কণ্ঠনালী বেয়ে
উর্বর পেটে বয়ে আনে ভবিষ্যতের শরীর;

তার বিশ্বাসে সম্পূর্ণ বাঁচা যায়
তার হাতে রাখা যায় সম্ভাবনার শব্দগুলো
আর যা কিছু সব ।।

২০.৫.১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন