রিকশা আসুক
কাকরা ডাকুক
শুদ্ধ পাগল হাসতে থাকুক
বেগুন ডিম আর কলার আড়াল এক কিশোরী অংক কষুক
পাশের ফ্লাটে রান্নাঘরে প্রেশার কুকার ডেকেই চলুক
নিধু চিঠি নাইবা পাঠাক চিঠিওলা তবুও আসুক
কড়া রোদে আমের আচার শুকিয়ে যায়
রূপোলী রং পাতিলঅলা রূপোর পাতিল করুক ফেরি
জানলাধারে হঠাৎ দেখি জুতো যাচ্ছে চুরি
বিদ্যুতঅলার সূক্ষ্ম শিস্ এ যাচ্ছে দুলে হৃষ্টপুষ্ট ইস্মাতারা
তারস্বরে শিশু কাঁদুক
ছাদের গায়ে শালিক বসুক ছায়া মেলে
শাড়িওলা শাড়ি বেচুক সুর করে টেনে টেনে
লাল পর্দার আড়াল ছিঁড়ে দু'জোড়া পা আনুভূমিক জড়িয়ে থাকে
ক্ষুদ্র বালক খাচ্ছে গালি
উটকো দু'লোক জঘন্য আর নগণ্যতে মারামারি
একটি মানুষ গীটার বাজায় চারটে কিশোর ভীড় করে খায়
হতচ্ছাড়া কোন এক বালক নখ কামড়ায়
খাতার মধ্যে শব্দ বসায় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন