ভরা চাঁদ হেলতে হেলতে গায়েব
নীল-হলুদ ডোরাকাটা বাড়ির আড়ালে
বিছানায় চিত শুয়ে নিজেকে যতটা আঁকড়ে পারি
পাই পাই শুধে যাই যাবতীয় স্বপ্নদেনা
পাশে শুয়ে বেজন্মা অন্ধকার
নষ্ট নৈঃশব্দে অপরিশোধিত অস্থির প্রবঞ্চনা
রাত বেশ ছিল, অযথাই সকাল এসে যাবে
রোদে পুড়বে বারান্দা, ঘরদোড়
চোখ মেললে দূরে সভ্যতার সপ্তম তলা
বহু নীচে সামান্য মানুষ যারা আজীবন উদোম পিঠে
রোদ শুষে বুকে শূন্যতা পোষে
দ্রষ্টব্য দূষিত বৃষ্টি, কারখানা-নদী যৌথ মিথস্ক্রিয়া
টেম্পো-বাসের জট ঠেলে হেঁটে যাওয়া মানুষ
শুকনো রক্তের মত ইট দিয়ে গড়া দালান
উপরতলার বিলাসিতার দায়ভার বয়ে যায়
আজন্ম দাগ মুছে যায় ছোটলোকবৃন্দ
আর আমি আছি নিজের জন্য অপেক্ষায়
কতটা হাস্যকর, ভাবা যায় ।।
০৭ জুলাই, ২০১০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন