বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০১০

উত্তরসূরীর প্রতি

আমার সর্বশেষ শব্দগুলো হাতে নাও ধরে দেখো
প্রাসাদ ছাড়িয়ে দূরে এই পুরাতন মৃত বৃক্ষ
এর নীচে ছিলাম, পরিত্যক্ত প্রাচীর ডিঙিয়ে
চলে যাও এক্ষুণি দূরে, তবু ধরে রাখো কিছুকাল
প্রাথমিক সৈকত তোমার, আর প্রতিটি বালির পৃথক অস্তিত্ব
ডানাভাঙ্গা গাংচিল চিৎকার, সামুদ্রিক ঝড়
এদিকে তাকাও, এই আমি নিবিড় ছিলাম
এই পথে একেবারে চলে যাও, শুধু ধরে রাখ আরো কিছুক্ষণ
আমি বৃষ্টি হয়ে ঝরে যাই, শুয়ে পড়ি মাইলের পর মাইল
পথদের বলে যাও ভুলে যাবে, না ফেরা পথের মানচিত্রে
এই ভীষণ আপন ঘাসজীবী পুরাণ পাথরের পর
ডাল-রুটি খেয়ে বাঁচা নগণ্য মানুষগুলো
একবার ছুঁয়ে নাও তারপর ছুঁড়ে ফেলো
ক্রমশ আসে মৃত মানুষের সারি তারপর
এখানে নয়, ফেলে যাও কোন ঘাস সমৃদ্ধ প্রান্তরে
আর বুকে করে নাও প্রজন্ম থেকে প্রজন্মে ভালবাসা
শুভকামনা, ঠিকমতো বাঁচো, বাঁচতে দিও ।।

২৯ জুলাই ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন