মঙ্গলবার, ১৫ জুন, ২০১০

টিকে থাকা শরীর বিশেষ


গভীর কোন রাতে ঘুম ভেঙ্গে গেলে
আকাশ দেখা ছাড়া
কোন বিনোদন নেই আর
আমরা যারা শরীর বেচি,
কত লোকজন পথে-ঘাটে বাজারে
আমরা গুণিনা, ওরা আমাদের গুণে যায়
আঙ্গুলের করে রাখা ব্যথার মুনাফা
আমরা যারা শরীর বেচে বিষ কিনি;
বাঁচার আকুতি আদিম
তাই উগরে দিই সুখ, লোকজন খায়
গায়ে পাপ ভেতরে অসুখ,
হেঁটে গেলে লজ্জায় পথ বিব্রত নিজেই
আমরা না হলে পৃথিবী হত
হয়ত আরো খানিক সুন্দর,
জন্মে গিয়েই অনন্য এক ভুল
আজন্ম খেয়েই যাচ্ছি কেবল
ফুরিয়ে যাচ্ছে বিশুদ্ধ বাতাস,
আর যেসব বৃক্ষ সবুজ শরীর
অকারণে মৃত, তাদের অবশিষ্ট হাড়ে
আকুল প্রলয় বাঁধে প্রজন্মের ছত্রাক,
আরো কতকাল বেচে যাব শরীর
আর কিনে খাব পুরাতন বিষ;
ঝিঁ-ঝিঁ ঘোষিত রাত
পাশাপাশি নিয়ন আলোর প্রতিবাদ,
কেউ তো থাকেনা, খবর রাখেনা
কেন দেবনা বুক
নতজানু হব স্বল্পমূল্যে
টুটিচাপা মন, টিকে থাকা শরীর বিশেষ ।।


(১৫ জুন, ২০১০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন