বুধবার, ১৬ জুন, ২০১০

সময়ের প্রকৃত স্বাক্ষর


জল পোড়ে জলের গভীরে
দূরবর্তী মেঘ যায় দূর হতে দূরে
বালির শরীরে লেখা নদীর আবাদ
বিচ্ছিন্ন আকাশ গায় একা আর্তনাদ
প্রতারিত বকপাখি পুনরায় বাসা বোনে,
প্রতিদৃশ্যের নগ্ন ব্যবচ্ছেদে
ভোরের নবীন পৃষ্ঠায় দৃশ্যেরা মাতে
অনন্য বক্রতায় অস্তিত্ব বিস্তারিত
সীমিত আয়তনে স্বপ্নের প্রবন্ধ
যান্ত্রিক গুঞ্জন আর প্রাকৃতধ্বনির অসম্পৃক্ত দ্রবণে,
সভ্যতার অস্পষ্ট সিঁথিতে
নিতান্ত মানুষ মগ্ন গোলকের দ্রুতিতে
অধিক ঘুমন্ত মন গাঢ় গম্ভীর
ক্রয় আর বিক্রয়ের ফর্দে স্থবির
স্বল্পবসনা কৌতুকে ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিবেদনে,
মাংস রক্ত দাঁতে
ব্যবহৃত দেহ সিক্ত প্রাচীন বৃষ্টিপাতে
রূপকথা কমে প্রতিদিন
অন্ধধর্মে মানুষ বিলীন
সময়ের প্রকৃত স্বাক্ষর বর্গক্ষেত্র মনে ।।


১৬ জুন ২০১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন