শুক্রবার, ৪ জুন, ২০১০
অবশিষ্ট হাড় - ০৫ (০৩ মে ২০১০)
মস্তিষ্কের কোথাও না কোথাও আবেগ থাকে
আর থাকে বৈষয়িকতা, তাদের মাঝামঝি কোনমতে টিকে থাকে ভালবাসা
বিমানের পর্যাবৃত্ত ঐকতানে কেঁপে ওঠে আকাশ,
বৃষ্টি হবে, হবে না, হয় না, এলোমেলো গল্পরা বাঁধবেনা উপন্যাস
মানুষের পচনশীল সভ্যতায় সংবেদনশীলতার নিখোঁজ সংবাদ
বাণিজ্যিক কবিতার নীচে চাপা পড়া সৃজনশীলতার গলিত লাশ;
নগরীর দূষিত নদীসমূহ অমৃতবিহীন মৃত-প্রায়,
নেহাত বৃষ্টিতেই শহর সাজে হঠাৎ ভুল ক'রে, ভুল ভাবে
নাগরিক চড়ুইবৃন্দ, যাঁরা সভ্য মানুষের পাশাপাশি বিদ্যমান
তাঁদের ঠোটময় উড়তে থাকা সামান্য খড়, বাসা বুনবার;
মানুষ প্রয়োজনে পাল্টায় ঠিকানা, পাল্টায় জীবন-ধরণ
ভোগবাদের মশলাযুক্ত খেলায় জৈবিকতার স্থূল আস্ফালন
পুরু বস্ত্রে সজ্জিত অতিসভ্য মানুষ অপেক্ষাকৃত কম সভ্য মানুষকে
ফেলতেই পারে অ-নেক নীচে, সভ্যতার চূড়া থেকে এক ধাক্কায়
এ দৃশ্যায়নের অভিনেতা সবাই, কেউ কেউ পরিচালক ।।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন