শনিবার, ১২ জুন, ২০১০

প্রাথমিক নাগরিক বিজ্ঞান - ০১


সুখ কি
দুঃখই বা কি
কতটুকু বুঝি তার, কতটুকু ভান
রক্তে-ঘামে বৃত্ত আঁকে সহস্র সন্তান,
জিতে গেলে একজন হারে অন্যজন
ভীষণ নাগরিক যুদ্ধে ক্ষমতা প্রদর্শন
কেবল অসহায়ত্বে দুর্বলের-দরিদ্রের,
খাদ্যে অলঙ্করণ বেশি, পাশাপাশি
স্বল্পমূল্যে নিয়মিত ভর পরিমাপ;

সেইসব ক্ষমা, যা শুধুই সহজলভ্য ভিক্ষুকের হাতে
সেইসমস্ত আশা, যা বিদ্যমান জ্যোতিষীর অতশীতে
তীব্র আন্দোলন, যা দানা বাঁধে রিকশায় - মিনিবাসে
খুচরো পয়সার আক্রোশে যথারীতি
স্টিয়ারিং হুইল অপেক্ষা হর্ণের উপযোগিতা বেশি,
পুঁথিগত অন্ধ চেতনারা স্থূল সাজপোশাকে পুঁথিতেই পচনশীল
সহাবস্থানের সম্ভাবনাকে উড়িয়ে প্রযুক্তি আর মানবতা
এক অন্যকে কষে লাগাচ্ছে চড়, অকারণে;

বিরহ-মিলনের প্রকৃত বিভেদ
বোঝাবে কে, কাকে
প্রাপ্তি দূরবর্তী, ভালবাসার যোগ্যতাই কে রাখে !
কষ্টের খুব কাছে এক বিন্দু ভালবাসা
জমে থাকে, কোন ভরসায় !!


(১২ জুন ২০১০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন